‘ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত আন্দোলন চালিয়ে যাচ্ছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের বলেছেন, জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আদর্শিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে ক্ষমতাসীন সরকার জামায়াতের উপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়ে যাচ্ছে। কিন্তু সব জুলুম উপেক্ষা করে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত আন্দোলন চালিয়ে যাচ্ছে। কারণ এই ক্রান্তিলগ্নে জাতি জামায়াতের দিকে চেয়ে আছে। তাই মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের সকল স্তরের জনশক্তিকে গুরুদায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, বিগত ১৫ বছরে সরকার দেশের সবকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সরকার শুধু গণতন্ত্রকে হত্যা করেনি, নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। দেশের বিচার ব্যবস্থাকে তারা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। আদালতগুলোতে বিচারের বাণী নিভৃতে কাঁদছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ফ্যাসিবাদী শাসনে অতিষ্ঠ জাতি বাকশালীদের হাত থেকে মুক্তি পেতে অধির আগ্রহে অপেক্ষা করছে। ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে রক্ষায় ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে হবে। অতীতের গণতন্ত্র হত্যাকারী আবার একজোট হয়ে একতরফা নির্বাচনে মেতে উঠেছে। যেকোনো মূল্যে কথিত নির্বাচন বর্জনে গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদেরকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

গতকাল মঙ্গলবার রাতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত ভার্চুয়াল বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান।

বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তরের আমির হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব। সংগীত পরিবেশন করেন দিশারী শিল্পী গোষ্টীর শাহরিয়ার আল রাজী ও আলিফ নূর।

বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ শীর্ষ নেতৃবৃন্দকে ভুয়া মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ফরমায়েসি সাজা দেয়ার ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট সরকারের গণগ্রেফতার, খুন-গুম, জুলুম-নিপীড়ন ৭১- এর নিপীড়নকেও হার মানাচ্ছে। জামায়াতের নিবন্ধন মামলাকে খারিজ করে দিয়ে আইন ও মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করা হয়েছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। ফ্যাসিস্ট সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাকশালীদের পাতানো ফাঁদে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো পা দেয়নি। তাই সরকার বাধ্য হয়ে কতিপয় অর্থলোভী অখ্যাত রাজনৈতিক লোককে দিয়ে ভূঁইফোড় মৌসুমি দল তৈরি করে ২০১৪ ও ২০১৮ -এর মতো নির্বাচনের নামে আরো একটি প্রহসনের ষড়যন্ত্র চলছে। এর মাধ্যমে সরকারের পাতানো নির্বাচনের ষড়যন্ত্রের স্বরুপ জাতির নিকট উন্মোচিত হয়েছে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে জামায়াতকে নির্মূলের ষড়যন্ত্র করেছে। কিন্তু তারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে পারেনি। কারণ জামায়াত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইসলামী আন্দোলন করছে। যেকোনো দুর্যোগে জামায়াত আর্ত মানবতার কল্যাণে সাধ্যের সবটুকু উজাড় করে কাজ করে থাকে। তাই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালিয়ে আমাদের অগ্রযাত্রা দমিয়ে রাখার সাধ্য কারো নেই। সকল ষড়যন্ত্র ছিন্ন করে জামায়াত তার লক্ষ্যপানে ছুটতে থাকবেই ইনশাআল্লাহ। -প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *