বিএনপি ক্ষমতায় গেলে নবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট আলিয়া মাদরাসার মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ অঙ্গীকার করেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, ন্যায়বিচার, সততা, মানবিকতা ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব, দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

তারেক রহমান বলেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দল আল্লাহর সঙ্গে শিরক করে, তারা বেহেশতের টিকিট দিয়ে দেয়। বলেন এটা কি ঠিক? এটা কি আল্লাহর সঙ্গে নাফরমানি কিংবা শিরক নয়?

তিনি বলেন, যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর, একমাত্র সবকিছুর অধিকার উপরে আল্লাহর। কাজেই তারা আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে। নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে! বোঝেন এবার। শুধু ঠকাচ্ছেই না, মানুষকে— যারা মুসলমান তাদেরকে শেরেকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ।

তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালের যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহিদ হয়েছেন, এই দেশের লক্ষ লক্ষ মা-বোনেরা সম্মানহানি হয়েছে। কাজেই তাদেরকে তো বাংলাদেশের মানুষ চিনে নিয়েছে।

জনগণের উদ্দেশে তিনি বলেন, এই কুফরির বিরুদ্ধে, এই হটকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই টেক বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে।

বিগত দিনে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছর ব্যালট ছিনতাই হয়েছে, আমি-ডামি, নিশিরাতের নির্বাচন হয়েছে, আমরা দেখেছি। রাজনৈতিক, বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর অনেককে হারিয়েছি। গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেয়া হয়েছিল। এজন্য বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।

তিনি বলেন, তথাকথিত উন্নয়নের নামে অর্থ লুট করে নেয়া হয়েছে। লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এই অবস্থার উন্নয়ন করতে চাই। যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো শত হাজার মানুষকে হত্যা করেছে। গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে।

তারেক রহমান আরও বলেন, লাখ লাখ মানুষের এই জমায়েতের জন্য হাজারো মানুষ ২০২৪ সালে জীবন দিয়েছে। একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের গণতন্ত্রকামীরা। ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতাকে রক্ষা করেছে জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *