বান্দরবানে ৫ ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি

চাঁদা না দিলে বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পাঁচটি ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। কেন্দ্রগুলো থেকে ৭০ হাজার টাকা করে চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা।

রুমা উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শৈবং মার্মাকে ফোনে এই হুমকি দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনার পর প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে এটি এখনো স্পষ্ট করে জানা না গেলেও স্থানীয়রা বলছেন- ওই এলাকাগুলো কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র নিয়ন্ত্রণে। এই হুমকি তাদের পক্ষ থেকে এসেছে বলে অনেকে জানিয়েছেন।

তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শৈবং মার্মা হুমকির বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি। তিনি বিষয়টি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ মাহবুবুল হক জানান, কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং কারা হুমকি দিয়েছে সেটি পুলিশ খতিয়ে দেখছে।

পুলিশ সুপার সৈকত শাহীন জানান, রুমা পুলিশকে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *