রূপনগর আবাসিক এলাকায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ও মানবিক স্বাস্থ্যসেবা উদ্যোগ “নির্জন স্বাস্থ্য পরিক্রমা ৩.০”। স্বপ্ন জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত এই কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে নির্জন ফাউন্ডেশন বাংলাদেশ ও সিরাক বাংলাদেশ, যেখানে মানসিক স্বাস্থ্য সহায়তায় যুক্ত ছিল মন তরঙ্গ।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রায় ২,৫০০-এর বেশি মানুষ সরাসরি সেবা গ্রহণ করেন, যা আয়োজকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে।
দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা (রক্তচাপ, জ্বর ও ডায়াবেটিস নির্ণয়), ব্লাড গ্রুপিং সুবিধা এবং প্রয়োজনীয় বিভিন্ন টেস্টে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। এছাড়াও মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং, নার্সিং সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল অংশীদার, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আয়োজক দলের নিরলস পরিশ্রম, পরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
নির্জন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও তাসরিফ ইসলাম তামিম বলেন, “আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে আশার আলো জ্বালানো। ‘নির্জন স্বাস্থ্য পরিক্রমা ৩.০’ সেই প্রচেষ্টারই প্রতিফলন। সীমিত সম্পদ নিয়েও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব—আজকের কর্মসূচি তারই প্রমাণ। এই কার্যক্রমে তরুণদের ভূমিকা ছিল অনন্য। তাদের হাত ধরেই এই সফলতা এসেছে। দেশের সকল তরুণদের প্রতি আহ্বান—নিজের পাশাপাশি সমাজের জন্যও কাজ করুন।”
নির্জন ফাউন্ডেশন বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
