জবি ছাত্রলীগের সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজিসহ পাঁচজনের নামে মামলা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে ছাত্রলীগ নেতা মশিউর রহমান এ মামলা করেন। বাদী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ছিলেন।

বাদী পক্ষের আইনজীবী জহির কামাল বিষয়টি কালবেলাকে জানিয়েছেন। তিনি জানান, আদালতে পাঁচজনের নামে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ওয়ারী থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৬ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলো—ফরহাদ বেপারি, আরশাদ আকাশ, রাসেল চাকলাদার ও টুটুল বিশ্বাস।

যা বলা হয়েছে মামলার অভিযোগে

২০২২ সালের ২৫ আগস্ট আসামি ফরহাদ বেপারি ভুক্তভোগী মশিউর রহমানের কাছে থেকে ব্যবসার কথা বলে চার লাখ টাকা ধার নেয় এবং ব্যবসায় লাভ হলে লভ্যাংশ দেবে বলে জানায়।

কিছুদিন পর আসামির কাছে টাকা চাইলে সে জানায়,  ব্যবসায় লস হয়েছে এবং শিগগিরই টাকা ফেরত দিবে বলে জানায়। এরপর গত ৫ অক্টোবর পাওনা টাকা চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। আসামি ইব্রাহিম ফরাজি তাদের সমস্যার সমাধান করে দেবে বলে জানায় এবং তাকে দেখা করতে বলে।

গত ১৮ নভেম্বর ফরাজির কথা মতো তার ঠিকানায় গেলে আসামিরা তাকে রুমের ভেতর নিয়ে গিয়ে চরথাপ্পড় মারতে থাকে। এর মধ্যে আসামি আরশাদ আকাশ পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগীকে পিস্তল ঠেকিয়ে একটি আইফোন এবং ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর পর তার হাতে পিস্তল দিয়ে ছবি তুলে তার বিরুদ্ধে মামলা দেবে বলে হুমকি দেয়।

পরবর্তীতে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আরও দুই লাখ টাকা দাবি করেন। এসব বিষয়ে কাউকে কিছু জানলে মিথ্যা মামলা দিয়ে তাকে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়। এরপর ২৬ নভেম্বর মোবাইল ফোন ও মোটরসাইকেল আনতে গেলে পাঁচ লাখ সাড়ে ১২ হাজার টাকা রেখে তা ফেরত দেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *