চিফ হিট অফিসার বুশরা করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সদ্য নিয়োগ পাওয়া চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার নমুনা পরীক্ষার পর বিষয়টি জানা যায়।

তার ফুফাতো ভাই তৌফিক জানান, বুশরা এখন বাসায় আইসোলেশনে আছেন। গতকালও গায়ে জ্বর, কাশি ছিল। বাসায় চিকিৎসা চলছে তার।

বুশরা আফরিন মেয়র আতিকুল ইসলামের মেয়ে। এই নিয়োগ নিয়ে স্বজনপ্রীতি হয়েছে কি না অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন। তবে  সিটি করপোরেশন থেকে বলা হচ্ছে, হিট অফিসার নিয়োগে ডিএনসিসির প্রাতিষ্ঠানিক বা আর্থিক কোনো সংশ্লিষ্টতা নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান আর্শট-রকফেলার ফাউন্ডেশন ঢাকা উত্তরে তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করার জন্য বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে।

গত বুধবার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে চিফ হিট অফিসার নিয়োগের কথা বলা হয়। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলামও চিফ হিট অফিসার নিয়োগের কথা জানান।

ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, চিফ হিট অফিসার বুশরা আফরিন প্রচণ্ড গরমের মধ্যে ঢাকা উত্তরকে নিরাপদ করার জন্য নেতৃত্ব দেবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিত করাসহ নতুন নতুন কাজ করবেন।

এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ‘বুশরা আফরিনের নিয়োগের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোন প্রকার প্রাতিষ্ঠানিক বা আর্থিক সংশ্লিষ্টতা নেই। যথাযথ যোগ্যতা যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই কেবল রকফেলার ফাউন্ডেশন তার নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছে।

বুশরার নিয়োগ প্রক্রিয়া ও সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, ‘বুশরা কত দিনের জন্য নিয়োগ পেয়েছেন, তার বেতন কত নির্ধারণ করা হয়েছে, তা আমরা জানি না। তিনি সেখান থেকে কী সুবিধা পাবেন, কিছুই বলতে পারব না। এই ফাউন্ডেশনের সঙ্গে বাংলাদেশের আর কেউ সংশ্লিষ্ট আছেন কি না, তাও জানা নাই।’

এ বিষয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বুশরাকে চিফ হিট অফিসার হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়োগ দেয়নি। চিফ হিট অফিসারের কোনো পদ উত্তর সিটি করপোরেশনে নেই, আমাদের অর্গানোগ্রামেও নেই। বুশরা আরশট-রকফেলার ফাউন্ডেশনের নিয়োগপ্রাপ্ত।

‘বুশরার ইন্টারভিউ নেওয়া থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত সবই ওই ফাউন্ডেশন করেছে। আরশট-রক ফাউন্ডেশন নারী ছাড়া কাউকে নিয়োগ দেয় না। বিশ্বের বিভিন্ন অঞ্চলে চিফ হিট অফিসার নিয়োগ পাওয়া আগের ৬ জনও নারী। বুশরা সিটি করপোরেশন থেকে কোনো সুবিধা পাবেন না। তিনি আরশট-রকফেলার ফাউন্ডেশনের হয়ে আমাদের সঙ্গে নলেজ শেয়ার করবেন। বিশ্বের অন্যান্য অঞ্চলে কীভাবে হিট নিয়ন্ত্রণ করা হয়, তিনি সেসব বিষয়ে আমাদের পরামর্শ দেবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *