বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ব্যাট হাতে শ্রীলঙ্কার যুবাদের পুঁজি মাত্র ১৯৯ রান।জবাবে ব্যাট করতে নেমে আশিকুর রহমান শিবলী একাই খেলে নিলেন ১৩০ বলে ১১৬ রানের অপরাজিত একটি ইনিংস। ৫৫ বল হাতে রেখেই বাংলাদেশ পেরিয়ে গেছে ২০০ রানের টার্গেট। ৬ উইকেটের বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের যুবারা।
আসরে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল যুবা টাইগাররা। টানা দুই জয়ের ফলে শেষ চারে আগেই এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ লঙ্কানদের উড়িয়ে ‘বি’ গ্রুপে অপরাজিত থাকল রাব্বি-শিবলীরা।
সেই সঙ্গে নিশ্চিত হলো দুবাইয়ে চলমান বয়সভিত্তিক টুর্নামেন্টটির সেমিফাইনালের রোডম্যাপও। গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। অন্যদিকে, ‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ ছাড়া এই গ্রুপটি থেকে আরেক সেমিফাইনালিস্ট সংযুক্ত আরব আমিরাত।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিতে গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে অন্য গ্রুপ রানার্স-আপের । সে হিসেবে আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্স-আপ ভারত। এর আগে ২০২১ সালেও দুই দল সেমিতে মুখোমুখি হয়েছিল। এ ছাড়া একই দিনে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান লড়বে ‘বি’ গ্রুপ রানার্স-আপ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
আজ (বুধবার) দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ব্যাট করতে নেমে দলীয় ৩৭ রানের মাথায় ব্রেকথ্রু এনে দেন মারুফ মৃধা। ইনিংসের নবম ওভারে ওপেনার পুলিন্দো পেরেরাকে ২৯ বলে ব্যক্তিগত ২৮ রানের মাথায় সাজঘরে পাঠান টাইগার বোলার।
এরপর দলীয় ৭৪ রানে লঙ্কানদের দ্বিতীয় উইকেটের পতন হয়। রাবিসান ডি সিলভার প্রতিরোধ ভাঙেন টাইগার দলপতি রাব্বি। দলীয় শতরানের আগেই তিন উইকেট হারায় লঙ্কান যুবারা। তখনো সেভাবে ভেঙে পড়েনি লঙ্কান ব্যাটিং অর্ডার। তবে এরপর ওয়াসি সিদ্দিকীর দারুণ বোলিংয়ে পথ হারিয়ে ফেলে তারা। কার্যত কোণঠাসা হয়ে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একসময় বড় সংগ্রহের আশা জাগিয়েও শেষমেশ ৯ উইকেট হারিয়ে ১৯৯ রানে থামে তাদের ইনিংস।
নাগালে থাকা লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগার যুবারা। ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার জিসান আলম। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে চৌধুরী রিজওয়ানকে সঙ্গে নিয়ে ৭৪ রানের দারুণ জুটি গড়েন শিবলী।