গভীর রাতে কৃষকের গরু জবাই করে গোশত লুট

পিরোজপুরের মঠবাড়িয়ায় সোহরাব হোসেন (৫৫) নামে এক কৃষকের গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করে গোশত লুটে নিয়েছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। উল্টো নাম বললে বা মামলা করলে খুন করার হুমকিও দিয়েছে ওই কৃষককে।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে গ্রামের খালের পাড়ে চুরি হওয়া ওই গরুর মাথা, চামড়া ও চারটি পায়ের গোড়ালি দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন দরিদ্র ওই কৃষক। এর চার দিন আগে গোয়ালঘর থেকে চুরি হয়ে যায় দরিদ্র কৃষকের হালের বলদটি।

ভুক্তভোগী সোহরাব হোসেন উপজেলার টিকিকাটা ইউনিয়নের উত্তর ভেচকী গ্রামের নয়ারহাট বাজার এলাকার মরহুম আশরাফ আলী হাওলাদারের ছেলে।

কৃষক সোহবাব হোসেন জানান, গত বৃহস্পতিবার প্রতিদিনের মতো গরু মাঠ থেকে নিয়ে সন্ধ্যায় গোয়াল ঘরে রাখে। রাতের কোনো এক সময় লাল রংয়ের ষাঁড় গরুটি চুরি করে নেয় দুর্বৃত্তরা। পরে অনেক খোঁজাখুঁজির চার দিন পর বাড়ির কিছুটা দূরে বেড়িবাঁধের পাশে গরুর মাথা, পা ও চামড়া দেখতে পান। গরুটির বাজার মূল্য ৫০ হাজার টাকা হবে বলে দাবি করেন তিনি। পরে কৃষক মঠবাড়িয়া থানা পুলিশকে অবহিত করেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী কৃষক সোহরাব হোসেন আরো জানান, গত বছরেও তার গোয়াল ঘর থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের একটি গরু নিয়ে দুর্বৃত্তরা খেয়ে ফেলে। দুর্বৃত্তদের ভয়ে ভয়ে কোনো আইনি ব্যবস্থা নেননি।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ইতোমধ্যে দুর্বৃত্তরা তাকে মোবাইলে হুমকিও দিয়েছে। নাম বললে বা মামলা করলে আমাকে ও আমার ছেলেকে খুন করে ফেলবে এ ভয়ে কিছুই করতে পারছি না।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *