শাসনের নামে কর্মীদের জুতাপেটা করলেন ছাত্রলীগ নেতা

শোভাযাত্রায় ছাত্রলীগকর্মীদের জুতা দিয়ে পিটিয়েছেন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীতে এ ঘটনা ঘটে। প্রকাশ্যে নিজ কর্মীদের জুতাপেটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাজীব হোসেন খান জানান, তিনি তাঁর কর্মীদের শাসন করেছেন মাত্র।

তবে ছাত্রলীগের বর্তমান ও সাবেকরা বলছেন, জুনিয়রদের শৃঙ্খলা শেখাবেন, শাসন করবেন, কিন্তু সেটা প্রকাশ্যে জুতাপেটা করে নয়।

পার্বত্য শান্তিচুক্তির রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার ভিডিওতে দেখা যায়, ফজলুল হক এভিনিউ এলাকা অতিক্রম করার সময় রাজীব হোসেনের নেতৃত্বে খণ্ড শোভাযাত্রাটির দ্বিতীয় সারিতে থাকা কর্মীদের দিকে জুতা হাতে নিয়ে ছুটে যান তিনি। সেই জুতা দিয়ে ছাত্রলীগকর্মীদের মারধর করেন। পরে আবার শোভাযাত্রা নিয়ে নগর ভবনের দিকে চলে যান রাজীব। শোভাযাত্রার সামনের অংশে ছিলেন ছাত্রলীগের নারীকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা ও মহানগর ছাত্রলীগের নেতা বলেন, ছাত্রলীগ কর্মীরা বয়সে অনেক ছোট। তাদের প্রকাশ্যে মারধর কিংবা জুতাপেটা করা ঠিক হয়নি।

রাজীব হোসেন খান বলেন, ‘আমার লোকজনকে আমি একটু শাসন করেছি। আমাদের নেতারাও তো আমাদের শাসন করেন। এটা তেমন কিছু না। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *