লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার (২৫ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর খিয়ামে একটি গাড়িতে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া টিরি গ্রামে ইসরায়েলের হামলায় দুজন নিহত হন। তবে নিহত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা।

এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে সংগঠনটির মিত্র শিয়া আমালের এক যোদ্ধা নিহত হওয়ার কথা জানানো হয়েছে। সংগঠনটি বলেছে, নিহত ব্যক্তির নাম আয়মান কামাল ইদ্রিস। তিনি জাতীয় ও জিহাদি দায়িত্ব পালন করছিলেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় যে তিন ব্যক্তির নিহত হওয়ার তথ্য দিয়েছে, তাদের মধ্যে কামাল আছেন কি না, তা জানা যায়নি।

প্রসঙ্গত, রোববার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, গত জুলাই মাসের শেষ দিকে তাদের কমান্ডার ফুয়াদ শোকর হত্যার বদলা নিতেই ইসরায়েলে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মাধ্যমে হামলার ‘প্রথম পর্যায়’ সম্পন্ন হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে ৩২০টির বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে মেরোন ঘাঁটিসহ অধিকৃত গোলান মালভূমির চারটি সামরিক স্থাপনা রয়েছে। এর আগে সকালের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানায়, হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছিল—এমন তথ্য পেয়ে তারা আগেভাগে সেখানে হামলা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *