রাজধানীর কমলাপুর ও মিরপুরে জামায়াতের বিক্ষোভ

চাল, ডাল তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।

আজ শনিবার বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীর ব্যস্ততম এলাকা কমলাপুর রেলস্টেশন সংলগ্ন সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ও মুহাম্মদ দেলওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি আরিফুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুল কাইউম মুরাদসহ ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা আমির, সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যমূল্য আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ ক্রমবর্ধমান চাপ দ্রুত রোধ করা প্রয়োজন। তা না হলে সাধারণ মানুষের জীবনধারণ কঠিন হবে। সরকারের অব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা ও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের জন্যই সাধারণ মানুষকে আজ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণে দ্রুত তিনি সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, অবিলম্বে দ্রব্যমূল্যের লাগাম টানুন অন্যথায় পদত্যাগ করুন।

মিরপুরে বিক্ষোভ

এদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

মিরপুর ১০নং গোল চত্বরে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, মহানগরীর কর্মপরিষদ সদস্য ইয়াসিন আরাফাত, জামাল উদ্দিন, জিয়াউল হাসান, শূরা সদস্য মেসবাহ উদ্দিন আহমেদ নাঈম, আতাউর রহমান সরকার, আব্দুল মতিন, শিবির নেতা জাকির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *