রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এক আলোচনা সভায় দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আগামী ৭ অক্টোবর (শনিবার) দুপুর ২টায় রাজধানীর পুরানা পল্টন কালভার্ট রোডে সমাবেশ করা হবে।
এ ছাড়া ১৩ অক্টোবর ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে দৈনিক বাংলা মোড়ে শ্রমিক সমাবেশ এবং ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল ছাত্র-যুব সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
ইউনুছ আহমাদ বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, ডেঙ্গু নিয়ন্ত্রণে অবহেলা ও চরম অব্যবস্থাপনা নিরসন, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, কর্মসূচি সফল করে সরকারকে একটি ম্যাসেজ দেওয়া হবে। এরপরও যদি সরকার পদত্যাগ না করে তাহলে সরকারকে সতর্ক সংকেত দেওয়া হবে।
এ সময় সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, সরকার নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে।
ইউনুছ আহমাদ বলেন, এই অথর্ব নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গৃহপালিত কমিশনে পরিণত হয়েছে। এ ধরনের কমিশন দিয়ে জাতীয় নির্বাচন কখনই সম্ভব নয়।
আলোচনা সভায় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুমসহ অনেকেই উপস্থিত ছিলেন।