নারায়ণগঞ্জ শহরের জল্লাপাড় সিটি পার্ক লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে স্থানীয়রা লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
পানিতে ডুবে মৃতরা হলেন- সিরাজগঞ্জের দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে আল-আমিন (১০) ও ইব্রাহিম (৮)। বর্তমানে পরিবারের সঙ্গে তারা নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকার আলমাস মিয়ার বাসার ভাড়া থাকত।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে লেকের সামনের মেলায় যাওয়ার কথা বলে আল-আমিন ও ইব্রাহিম বাসা থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। পরবর্তীতে রাতে অনেক খোঁজাখুঁজির পর লেকের পাশে তাদের পাঞ্জাবি ও জুতা পড়ে থাকতে দেখা যায়। ওই সময় পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে লেক থেকে আল-আমিনের নিথর দেহ উদ্ধার করা হয়। এর পরপর ইব্রাহিমের নিথর দেহও উদ্ধার করা হলে দ্রুত তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। ওই সময় পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মরদেহদু’টি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেকের পানিতে গোসল করতে নেমে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।