প্রধানমন্ত্রীর বার্তার অপেক্ষায় বান্দরবানবাসী

সকাল থেকেই সাজ সাজ রব বান্দরবান জেলার ঐতিহাসিক রাজার মাঠ প্রাঙ্গণে। যেখানে লাগানো হয়েছে বৃহৎ আকারের ৩টি টিভি স্ক্রিন, সাজানো হয়েছে প্যান্ডেল, বসানো হয়েছে ২৫ হাজার চেয়ার। মাঠের চারপাশে ভিড় জমতে শুরু করেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় ঐতিহাসিক রাজার মাঠে হাজারও মানুষ জড়ো হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বার্তা শোনার জন্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সরাসরি যুক্ত হবেন ঐতিহাসিক রাজার মাঠের এই জনসভায়। প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জনসাধারণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সেটাই সবার উৎসাহের কেন্দ্রবিন্দু।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী দাশ জানান, সর্ববৃহৎ এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবে জেলার ৭টি উপজেলার আওয়ামী লীগ কর্মী সমর্থকসহ হাজারও জনসাধারণ।

বান্দরবানবাসী অপেক্ষায় আছেন তাদের প্রিয় নেত্রী বান্দরবানের আগামী দিনের উন্নয়নে কী বার্তা দেবেন পার্বত্যবাসীর জন্য।
এদিকে জনসভায় উপস্থিত থাকবেন বিগত ৬টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এছাড়া জেলা আওয়ামী লীগ, সব উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন এই বৃহৎ জনসভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *