দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তারা আম-ছালা দুটোই হারাবেন বলে জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে অনেকে দল ত্যাগ করে নির্বাচনে অংশ নিচ্ছেন অথবা সরকার অনেককে জোরপূর্বক নির্বাচনে অংশ গ্রহণ করাচ্ছে। এতে সরকারের যেমন উদ্দেশ্যে হাসিল হবে না; তেমনি যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা হয়তো আম ছালা দুটোই হারাবেন।
তিনি বলেন, গত দুই নির্বাচনে সাধারণ মানুষ যে কথাগুলো বলতো না, আজকে সেই কথাগুলো সাধারণ মানুষ বলছে। আমিতো ঘর থেকে বের হতে পারি না। যেখানে যাই সেখানেই মানুষ বলে, স্যার ভোট তো দিতে পারলাম না। এবার কি হবে? একটিই উত্তর দিই যে, আল্লাহ আল্লাহ করো। এছাড়া আমার কাছে আর কোনো উত্তর নেই।
সাবেক নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে জনগণ সচেতন হয়েছে। আর কাউকে সচেতন করা লাগবে না। ভোটাররা যথেষ্ট সচেতন হয়েছে, আর সচেতন করতে হবে না। সরকার হয়তো মনে করছে, গত দুটি নির্বাচন জনগণ মেনে নিয়েছিল এবারও হয়তো সেটি মেনে নেব। কিন্তু বাস্তবতা ভিন্ন। এবার ছাড় দেবে না জনগণ।