বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, বর্তমান সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো করে দেশে আরেকটি প্রহসনের নির্বাচন বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। এই সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত তফসিলকে দেশপ্রেমিক জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ইতোমধ্যেই বাংলাদেশের জনগণ ও বিরোধী সকল রাজনৈতিক দল এই নির্বাচনকে বর্জন করেছে। এই অবৈধ সরকার ৭ জানুয়ারি যে নির্বাচনী খেলা ও প্রহসনের নাটক তৈরি করেছে, সচেতন নাগরিক হিসেবে সেই নির্বাচন বর্জন ও ভোট দান থেকে বিরত থেকে সরকারের ভোটাধিকার হরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য আমরা ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছি। মূলত সরকার ক্ষমতাকে কুক্ষিগত রাখতে যেনতেনভাবে নির্বাচনী বৈতরণী পার করতে চায়। আমরা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, অবিলম্বে এ ধরনের নির্বাচনী তামাশা বন্ধ করুন, একতরফা প্রহসনের নির্বাচন এদেশের মানুষ আর মেনে নেবে না, এই পাতানো নির্বাচনকে জনগণ প্রতিহত করবে, ইনশাআল্লাহ।
শুক্রবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীর পল্টনে ও শান্তিনগর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
পল্টন থানার উদ্যোগে আয়োজিত এই লিফলেট বিতরণে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমেদ খান, অ্যাডভোকেট মারুফুল ইসলাম, সুলতান উদ্দীন, আফম ইউসুফ, মোস্তাফিজ শাহীন ছাত্রনেতা তানভীরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দেলাওয়ার হোসেন বলেন, বাংলাদেশ কঠিন সঙ্কটে নিমজ্জিত। সরকার সকল দলের অংশগ্রহণে অর্থবহ নির্বাচনের পরিবর্তে ডামি নির্বাচনের ব্যবস্থা করেছে। নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথে পরিণত করে পুরো নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে। তিনি দেশের স্বার্থে, জনগণের অধিকার আদায়ের স্বার্থে এই পাতানো নির্বাচনে কোনো প্রকার সহযোগিতা না করার জন্য নির্বাচনের সাথে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। একইসাথে এই অবৈধ সরকারের নির্দেশনা পালন থেকে বিরত থেকে জনগণের সেবক হিসেবে ভূমিকা পালনের জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, এই সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা মহানগরীসহ দেশবাসীকে আগামী ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছি। সেইসাথে এই সরকারের পতন নিশ্চিত ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার চলমান গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এছাড়াও আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একই দাবিতে পল্টন, মতিঝিল, খিলগাঁও, যাত্রাবাড়ি, ওয়ারী, বংশাল, লালবাগ, চকবাজার, শাহবাগ, সবুজবাগ, রমনা, ধানমন্ডি, কোতোয়ালি, মুগদা, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ, কদমতলী, শ্যামপুর, সূত্রাপুর, গেন্ডারিয়া, ডেমরা, শাহজাহানপুরসহ রাজধানীর ৬৮টি সাংগঠনিক থানায় একযোগে গণসংযোগ ও কয়েক লাখ কপি লিফলেট বিতরণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি