জী নয়, শুধু মোদি ডাকুন

দলের সব নেতা, কর্মীকে ভিআইপি, শাসকদলের নেতাসুলভ আচরণ নয়, সাধারণ দলীয় কর্মীর মতো আচরণের নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। বৃহস্পতিবার সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে বিজেপির সংসদীয় দলের বৈঠক হয়। ওই বৈঠকেই তিনি দলীয় নেতা, কর্মীদের উদ্দেশে বলেন, তাকে যেন মোদিজী বা আলাদা কোনো সম্মানসূচক মন্তব্য যেন না করা হয়। শুধু মোদি নামেই পরিচিত হতে চান বিজেপির পোষ্টার বয়।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে সব এমপির উপস্থিতিতে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘সমাজে কিছু বিষয় আছে, যেগুলো সহজে কাজ করে। মোদিজীর পরিবর্তে আপনারা শুধুমাত্র মোদি বলবেন। মোদি বিজেপির একজন সামান্য কর্মী।’

বিজেপি এমপি, কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপির অন্যান্য নেতা ও মুখপাত্ররা মোদিজী, আদরণীয় প্রধানমন্ত্রী বলে থাকেন। ওই বিষয়গুলো এবার থেকে এড়িয়ে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী মোদি।

সূত্রের খবর, দলীয় নেতৃত্বকে কেন্দ্রীয় প্রকল্পগুলোর সাথে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষ করে, সদ্য শুরু হওয়া বিকশিত ভারত সঙ্কল্প যাত্রার মতো প্রকল্পগুলোর সাথে যুক্ত হওয়ার মাধ্যমে সমাজের একবারে নিচু তলার সাধারণ মানুষের সাথে যুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

সংসদীয় দলের বৈঠকের পর বিজেপি সাংসদ রীতা বহুগুণা জোশি বলেন, ‘তিনি বলেছেন, মাননীয়, জী এসব বলার কোনো প্রয়োজন নেই। মোদি নামেই আমি পরিচিত এবং ভারতবাসীর মধ্যে সেইটাই থাকুক।’

রাজনৈতিকমহল মনে করছে, এর পেছনে দুটি কারণ, একটি হলো নিজেকে সাধারণ কর্মী হিসেবে তুলে ধরে নেতাদেরও একই পথ অনুসরণ করার বার্তা এবং দ্বিতীয় হলো, শুধুমাত্র মোদি নামের মধ্য দিয়েই নিজেকে ব্র্যান্ডিং করার পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার পথ মসৃণ করা।
সূত্র : আজকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *