ক্রিকেটারদের ব্যাট উপহার দিলেন তামিম

সাকিব আল হাসান একবার বলেছিলেন, ‘তামিমের কাছে কেউ কিছু চেয়েছে আর পায়নি, এমন কখনো হয়নি।’ তবে আশিকুর-শিবলিরা পেলেন, যা চেয়েছিলেন তার চেয়েও বেশি। তামিমের কাছে চারটা ব্যাট চেয়ে পেয়েছেন ১৫টা!

বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলকে ১৫টা ব্যাট উপহার দিয়েছেন তামিম ইকবাল খান। যুব বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিজ স্পন্সর ‘সিএ’ কোম্পানি থেকে ব্যাটগুলো এনে দেন তামিম। শুক্রবার মিরপুরে তাদের অনুশীলনে উপস্থিত হয়ে নিজ হাতে ব্যাট তুলে দেন তিনি।

যুব এশিয়া কাপ চলাকালীন তামিমের কাছে ভালো মানের কয়েকটি ব্যাটের আবদার করেছিলেন তরুণ ক্রিকেটাররা। তাৎক্ষণিক ব্যবস্থা না হলেও বিশ্বকাপে উড়াল দেয়ার আগে তাদের ব্যাট এনে দিয়েছেন তামিম। তবে কয়েকটি নয়, স্কোয়াডের সকল সদস্যের জন্য একটি করে ব্যাট দিয়েছেন তিনি।

দীর্ঘদিন যাবত ‘সিএ’ ব্যাট দিয়ে খেলছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। জানা গেছে- দেশের হয়ে সবচেয়ে দামী ও ভালো ব্যাটটাই ব্যবহার করেন তামিম। এর আগে নানা সময়ে নানানজনকে ব্যাট এনে দিয়েছেন তিনি।

এবার জুনিয়র টাইগারদের আবদার পূরণ করলেন তামিম। যা বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে শিবলি-রাব্বিদের বেশ অনুপ্রেরণা যোগাবে। মিরপুরে অনুশীলন ক্যাম্প শেষে আগামী ৭ জানুয়ারি সাউথ আফ্রিকার বিমান ধরবে বাংলাদেশের যুবারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *