এবার সাকিবের সমর্থনে ভন-সাইমনের যুক্তি

বিশ্বকাপজুড়ে নানা সীমাবদ্ধতায় আসরটি সেভাবে জমে উঠেনি। উত্তেজনা ও রোমাঞ্চ ছড়িয়েছে মাত্র ২–৩টি ম্যাচ। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করা বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তেজনা এখন পুরো ক্রিকেট মহলে। নিয়ম মেনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ‘টাইমড আউটে’র আবেদন করলেও, বিষয়টি ক্রিকেট স্পিরিটের পরিপন্থি বলে আওয়াজ তুলেছেন সাবেক ক্রিকেটারদের অনেকেই। তবে এবার সাবেক দুই ক্রিকেটার সাকিবকে সমর্থন জানিয়েছেন।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘সবাই স্পিরিট অব দ্য গেম ব্রেক করে নিয়মিতই। ৫০ ওভারের ক্রিকেটে আপনার হাতে দুই মিনিট থাকে প্রথম বলটা খেলার জন্য। ক্রিজে গিয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ম্যাথিউসের মাথায় থাকার কথা ছিল আমার প্রথম বলটা খেলতে হবে।’

এই লঙ্কান ক্রিকেটার বুদ্ধিমানের পরিচয় দেননি বলে মত ভনের, ‘তার হেলমেটের ফিতা ছিড়ে গিয়েছিল আসলেই, কিন্তু ওর আরেকটু বুদ্ধিমান হওয়ার দরকার ছিল। ও সাকিবকে খেলছিল, কিন্তু ফিতা ছেড়ায় আঘাত পাওয়ারও সম্ভাবনা ছিল। তবুও ও প্রথম বলটা ডিফেন্ড করে এরপর হেলমেট বদলাতে পারতো। তাহলেই সমস্যা হতো না।’

নিয়ম মেনে সাকিবের আবেদন করার অধিকার আছে বলে মত সাবেক এই ইংলিশ ক্রিকেটারের, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছে, সে স্পিরিট অব দ্য গেমের বিরুদ্ধে গিয়েছে। কিন্তু সে তার অধিকারের মধ্যেই আছে। আইনের মধ্যেই আছে এটা। হয়তো কোনো কোনো অধিনায়ক বলতো যে ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু সাকিব তার অধিকারের ভেতর থেকেই করেছে।’

একই অনুষ্ঠানে সাইমন ডুল আউটটি নিয়ে বলেন, ‘ম্যাথিউস সাকিবের কাছে যেতে পারতো, গিয়ে বলতে পারতো আমার ফিতাটা ছিড়ে গিয়েছে। আমি কী এক-দুই মিনিট পেতে পারি। আম্পায়ারের কাছে গিয়েও বলতে পারতো। যদি পারতো, তাহলে ঠিক আছে। নয়তো প্রথম বল খেলে তারপর করতো। তার ম্যাচ অ্যাওয়ারনেসের অভাব আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *