একই পরিবারের তিন জনের মৃত্যু বাস চাপায়: নোয়াখালীত

নোয়াখালীর বেগমগঞ্জে স্টার লাইন পরিবহনের একটি বাস চাপায় সিএনজি অটো রিকশা আরোহী মা-ছেলেসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি অটো চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫) এবং তার চাচাতো ভাই সলিমুল্লার স্ত্রী কোহিনুর বেগম (৪৫) ।

স্থানীয়রা জানায়, সকালে পাশের জেলা ফেনী থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস লক্ষীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে বাসটি বেগমগঞ্জ -ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় পৌঁছলে সড়কের একপাশ সরু থাকায় বাসটি উল্টো পথে ঢুকে পড়ে। ওই সময় সিএনজি চালিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় স্টার লাইন বাস। এতে সিএনজি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। ঘটনাস্থলেই তিন জন নিহত হন।

বাসের যাত্রী মোমিত জানান, বাসটি মাত্র ৯ মিনিটে দাগনভূঞা থেকে বেগমগঞ্জের দোকান ঘর আসে। চালক শুরু থেকেই খুব বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলো। বাসে থাকা একাধিক যাত্রী চালককে আস্তে গাড়ি চালাতে বললেও সে কারো কথা শোনেনি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনার পর পরই ঘাতক বাসটির চালক পালিয়ে যায়। তবে এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *