৩০০ কোটি টাকার বেনামী চেক ফেরত দিলো ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক থেকে একটি বেনামী প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০০ কোটি টাকা তুলে নিতে যাচ্ছিল দেশের আর্থিক খাতের মাফিয়া ডন নামে খ্যাত এক সময়ের সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের পিএস আকিজ উদ্দিন

এদিকে, দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের প্রভাবমুক্তির জন্য কঠোর অবস্থান দিয়েছে ব্যাংকটির সর্বস্তরের কর্মকর্তারা। দীর্ঘদিন পদবঞ্চিত, অন্যায়ভাবে চাকরিচ্যুত ও হয়রানির শিকার কর্মকর্তা কর্মচারীরা গতকাল ইসলামী ব্যাংকের সামনে অবস্থান করেন। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ২০১৭ সালের পরে যত নির্বাহী এসেছেন, তারা আর ব্যাংকে ঢুকতে পারবেন না।

এ বিষয়ে ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান জানিয়েছেন, ২০১৭ সালের পরে যত নির্বাহী এসেছেন, তারা আর ব্যাংকে ঢুকতে পারবেন না। বিক্ষুব্ধ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘আপনারা শান্ত হোন। যে ইসলামী ব্যাংক দখল হয়েছে, তা আবার ফিরে আসবে। এমডি (ব্যবস্থাপনা পরিচালক) মহোদয় আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন।’ তিনি বলেন, ২০১৭ সালের পর থেকে পরীক্ষা ছাড়া অনিয়মের মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে, সেসব নিয়োগ বাতিল করা হবে। একই সাথে ওই সময়ের পরে যাদের চাকরি অবৈধভাবে বাতিল করা হয়েছে, তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দেয়া হবে। এ ছাড়া গত সাত বছরে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন, তাদের যথাযথভাবে পদোন্নতি দেয়া হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে এস আলম গ্রুপ সরকারের একটি এজেন্সিকে ব্যবহার করে ইসলামী ব্যাংককে দখল করে নেয়। এরপর গত সাত বছরে ব্যাংকটির অনেক কর্মকর্তাকে জোরপূর্বক চাকরি ছাড়তে বাধ্য করা হয়। অন্য দিকে বিধিবিধানের তোয়াক্কা না করে গ্রুপের নিয়ন্ত্রণাধীন অন্য ব্যাংক থেকে বেশ কিছু কর্মকর্তাকে এনে ইসলামী ব্যাংকের উচ্চ পদে বসানো হয়। আর এসব কর্মকর্তার যোগসাজশে ব্যাংকটি থেকে বেনামী ঋণের মাধ্যমে সরিয়ে নেয়া হয় কোটি কোটি টাকা। এস আলম গ্রুপের লাগামহীন লুটপাটে একসময়ের সবচেয়ে ভালো মানের ইসলামী ব্যাংক রুগ্ণ হয়ে পড়ে। দেখা দেয় তীব্র তারল্য সঙ্কট। ব্যাংকটিকে টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে তারল্য জোগান দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *