মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে এক শিক্ষার্থী ছয়জনকে গুলিবিদ্ধ করেছে। তাদের মধ্যে একজন নিহত হয়েছে। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে স্প্রিং সিমেস্টারের ক্লাস শুরুর প্রথম দিন এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আহতদের চারজন ওই স্কুলের শিক্ষার্থী এবং একজন স্কুলের প্রশাসক। ঘটনাস্থল থেকে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস জব্দ করা হয়েছে।
নিহত শিক্ষার্থীর বয়স ১১ থেকে ১২ বছর।
পুলিশের এক কর্মকর্তা জানান, শীতের ছুটি শেষে নতুন বছরে স্কুল খোলার প্রথম দিনেই এ ঘটনা ঘটেছে। হামলাকারী এ স্কুলেরই শিক্ষার্থী, তার নাম ডিলান বাটলার (১৭)। অন্যদের গুলি করার পর সে নিজেকেও গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : বিবিসি, রয়েটার্স