মাগুরা গিয়ে সাকিবকে যে উপদেশ দিলেন ‘গুরু’

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জন্মভূমি মাগুরা-১ আসনে নৌকার মাঝি হয়ে লড়াইয়ে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। শিষ্যের এই লড়াইয়ে তাকে দোয়া ও উপদেশ দিতে মাগুরা গিয়েছেন দুই গুরু নাজমুল আবেদিন ফাহিম এবং মোহাম্মদ সালাউদ্দিন।

শুক্রবার সাকিবের জন্য মাগুরা যান তার ছোটবেলার এই দুই গুরু। পরে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সালাউদ্দিন বলেন, অনেকদিন ধরেই সাকিবের সঙ্গে আমার দেখা হয় না। কথা হয় না। সাকিব যেহেতু একটা কাজ (নির্বাচন) শুরু করছে নতুনভাবে, তার জন্য দোয়া করাটা আমার জন্য একটা নৈতিক দায়িত্ব এবং আমি মনে করি আমি আর স্যার (ফাহিম) আসছি সাকিবকে দোয়া করতে। সে যেন ভালো কিছু করে। সে যেন তার নতুন পথটা ঠিকমতো কাজ করতে পারে সে জন্যই আসা।

প্রিয় শিষ্য সাকিবকে নতুনভাবে দেখে খুশি সালাউদ্দিন। তিনি বলেন, আমার কাছে দেখতে খুব ভালো লাগছে যে সাকিব খুব এক্টিভ এবং পরিশ্রম করছে তার নতুন পথচলাতে। সে চেষ্টা করছে এবং তাকে নতুন রূপেই দেখছি আমি। কাছ থেকে যতদিন দেখছি তারপরে সে অনেক মানুষের সঙ্গে মিশে কাজ করছে। সেটা দেখে খুবই ভালো লাগছে। ভবিষ্যতে আরও ভালো কাজ করবে আমি মনে করি।

দোয়ার পাশাপাশি সাকিবকে উপদেশও দিয়েছেন সালাউদ্দিন। তিনি বলেন, উপদেশ একটাই যে সে যেমন খেলার মাঠে বিশ্বসেরা ছিল; এখানেও (রাজনীতি) যেন সে বিশ্বসেরা হতে পারে। যখনই যে কাজটা করুক কাজটাতে যেন সফল হয়। সেভাবে যেন চিন্তা করে আগেও যেভাবে দেশবাসীকে উপহার দিয়েছে এখানেও যেন সেটা দিতে পারে, এটাই দোয়া করি সবসময়।

ফাহিম ও সালাউদ্দিন ছাড়াও এদিন মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখসহ বাংলাদেশ জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার মাগুরায় যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *