ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে বুধবার সকালে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এ কথা জানান।
শহরে বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান, এর পরপরই বিমান হামলার সাইরেন বেজে ওঠে।
মেয়র ভিটালি ক্লিটসকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘চিকিৎসকদের মতে, রাজধানীর ডিনিপ্রোভস্কি জেলায় ইতোমধ্যে ২৫ জন আহত হয়েছে। ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘রাজধানীর ডিনিপ্রোভস্কি জেলায় শত্রুদের রাতের ক্ষেপণাস্ত্র হামলার ফলে একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
১৫ জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।
ক্লিটসকো বলেন, হামলায় একটি শিশু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : বাসস