বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক নেই। কখনো কিছুটা উন্নতি হচ্ছে, আবার কখনো অবনতি হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
আজ সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাতে সন্ধ্যা ৭টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া ১২৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে আজ অবধি তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন তার লিভার, হৃদযন্ত্র ও কিডনির সমস্যা জটিল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার লিভার সিরোসিসে আক্রান্তের বিষয়টি জানিয়েছিল তার মেডিকেল বোর্ড। তখন থেকে প্রায় দুই বছরে পরিপাকতন্ত্রে কয়েকবার রক্তক্ষরণ হয়েছে তার।
লিভার সিরোসিসের কারণে অনেক আগেই খালেদা জিয়ার পরিপাকতন্ত্র সংকুচিত হয়ে গেছে এবং এর কার্যক্ষমতা প্রায় নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন বেগম জিয়ার মেডিকেল বোর্ডের একজন জেষ্ঠ সদস্য। এ পরিস্থিতিতে তার লিভারে জটিলতা বেড়েছে ও রক্তক্ষরণের ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে।