পাকিস্তানের বিরুদ্ধে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন ডেভিড ওয়ার্নার। খেলবেন শুধু সাদা বলের ক্রিকেট। আগেই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেয়া অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটারের বিদায়ের মুহূর্তটা স্মরণীয় হতে দিতে চান না শাহিন শাহ আফ্রিদি। অজি ব্যাটারের শেষ টেস্ট তেতো করে দিতে চান তিনি। অস্ট্রেলিয়ায় পৌঁছেই পাকিস্তানের পেসার এক রকম হুঁশিয়ারিই দিয়েছেন ওয়ার্নারকে।
রোববার ভারতীয় একটি পত্রিকা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আফ্রিদির হুঁশিয়ারির মাধ্যমেই মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে গেল বাগযুদ্ধ। প্রতিপক্ষকে চাপে রাখতে ক্রিকেটের যা অন্যতম কৌশল। অস্ট্রেলিয়ায় পৌঁছে সে দেশের ব্যাটারকেই প্রথম আক্রমণের জন্য বেছে নিয়েছেন পাকিস্তানের শাহিন। তিনি বলেছেন, ওয়ার্নারের বিদায়ী টেস্ট যাতে সুন্দর না হয়, তা নিশ্চিত করবেন তিনি।
পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। সিডনির এই টেস্ট খেলে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেবেন ওয়ার্নার। তার বিদায়ী টেস্টকে স্মরণীয় করে রাখতে চান প্যাট কামিন্স, স্টিভ স্মিথেরা। তাদের সেই পরিকল্পনায় জল ঢালতে চান শাহিন।
তিনি বলেছেন, ‘ওয়ার্নারের ক্রিকেটজীবন দুর্দান্ত। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। তিন ধরনের ক্রিকেটেই দারুণ সফল ক্রিকেটার ওয়ার্নার। মানুষ হিসেবেও খুব ভালো। আমাদের বিরুদ্ধে জীবনের শেষ টেস্ট খেলতে নামবে। আশা করব এই ম্যাচটায় তিন ভালো কিছু করতে পারবে না।’
ওয়ার্নারকে ভালো কিছু করার সুযোগ দিতে চান না পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক। তাকে দ্রুত আউট করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান তিনি।
ওয়ার্নার এখনো পর্যন্ত ১০৯টি টেস্টে ৮৪৮৭ রান করেছেন। ২৫টি শতরান এবং ৩৬টি অর্ধশতরান করেছেন তিনি। টেস্টে তার ব্যাটিং গড় ৪৪.৩৩। সূত্র : আনন্দবাজার