সাংবাদিকের ওপর চড়াও হয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মোস্তাফিজ সমর্থকদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিতে আসেন এমপি মোস্তাফিজুর। এসময় জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকরা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। একপর্যায়ে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টে কর্মরত সাংবাদিক রাকিব উদ্দিন তাকে প্রশ্ন করেন, ‘আপনি এত লোক নিয়ে মনোনয়ন দাখিল করতে এসেছেন, এটা তো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।’ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মোস্তাফিজ উত্তেজিত হয়ে পড়েন এবং ওই সাংবাদিককে থাপ্পড় দিয়ে শার্টের কলার ধরেন।
মারধরের শিকার সাংবাদিক রাকিব উদ্দিন বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পাঁচজনের বেশি নেতা-কর্মী নিয়ে মনোনয়ন ফরম জমা দেওয়ার সুযোগ নেই। এমপি মোস্তাফিজ অনেক নেতাকর্মী নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান। এ নিয়ে প্রশ্ন করায় আমার ওপর হামলা করেন এবং মাইক্রোফোন কেড়ে নিয়ে ফেলে দেন। তিনি আমাকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন।