কাদের: আশা করি পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন বলে আশা করে সরকার। কোনো রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া তার উচিত নয়।”

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

কাদের বলেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চায়। এ সময় তিনি দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

জোট শরিকদের কাউকে আওয়ামী লীগ হতাশ করবে না বলেও জানান দলটির সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, “জনগণের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে। বিশেষ করে নারী ভোটারদের মধ্য জাগরণ দেখা যাচ্ছে। আগামী নির্বাচন ভোটারবিহীন হবে না।”

ওবায়দুল কাদের বলেন, “জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র, কমনওয়েলথসহ অনেকে পাঠাচ্ছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে প্রায় শতাধিক পর্যবেক্ষকের নাম চলে এসেছে।”

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমরাও তাই চাই। নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যা বলেছে, আমরাও তাই চাই।”

ওবায়দুল কাদের বলেন, “এ নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে. সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না। কিন্তু ইতোমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন। এ নিয়ে আমরা চিন্তিত না।”

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *