মাগুরা যাচ্ছেন সাকিব আল হাসান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লিগের মনোনয়ন পাওয়ার পর এই প্রথম মাগুরা যাচ্ছেন তিনি। বিশাল গাড়িবহর নিয়ে নিজ নির্বাচনী এলাকার দিকে যাত্রা শুরু করেছেন সাকিব।
সদ্যই রাজনীতিতে পা রেখেছেন সাকিব আল হাসান। আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লিগের মনোনয়ন পেয়েছেন তিনি। তিনটি আসনের জন্যে মনোনয়নপত্র কিনলেও মনোনয়ন পান নিজ জন্ম নগরী মাগুরা -১ এর।
মনোনয়ন পাওয়ার পর ঢাকাতেই অবস্থান করছিলেন সাকিব। তবে এখানকার কাজ গুছিয়ে বুধবার সকালে মাগুরার দিকে রওনা দিয়েছে ক্রিকেটের বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার সাথে আছেন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
জানা যায়, বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন তিনি। সাথে ভক্ত-সমর্থক ও দলীয়কর্মীরা ছাড়াও সাথে আছেন জাতীয় দলের দুই ক্রিকেটার নাজমুল ইসলাম অপু ও রনি তালুকদার।
উল্লেখ্য, মনোনয়ন পাওয়ার পরেই নিজ ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন সাকিব। ইসির সূত্র জানিয়েছে, বর্তমান ঠিকানা ঢাকার বনানী থেকে পরিবর্তন করে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নিতে চান তিনি। সে জন্যেই মনোনয়ন পাওয়ার পরও সাকিবের ঢাকায় অবস্থান করা।