বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়েই মাঠে ফিরছে টাইগাররা। যেখানে নতুন মৌসুমে প্রথম প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ঘরের মাঠে এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে অধিনায়কত্বের অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তের।
অধিনায়কত্ব অভিষেকে ভাগ্যও দিয়েছে সায়। নিজের প্রথম ম্যাচেই টসে জিতেছেন নাজমুল হোসেন শান্ত। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু বেলা সাড়ে ৯টায়।
সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা চ্যাম্পিয়নশিপের রেকর্ড-কোনোটাই পক্ষে নেই টাইগারদের। প্রতিপক্ষ নিউজিল্যান্ডও সব দিক থেকে এগিয়ে। শক্তিমত্তার পাশাপাশি অভিজ্ঞতায়ও দু’দলের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। তবুও ঘরের মাঠে অপ্রত্যাশিত কিছু করে দেখানোর প্রত্যয় শান্ত বাহিনীর।
একাদশেও আছে চমক। অভিষেক হয়েছে শাহাদাত হোসেন দিপুর। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চাপছেন। দীর্ঘ প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন স্পিনার নাইম হাসান। তবে সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও লিটন দাস অনুপস্থিত।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত দিপু, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, নাইম হাসান, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, হ্যানরি নিকোলস, টম লাথাম, ডেরিয়েল মিচেল, টম ব্লান্ডেল, ইশ সোধি, টিম সাউদি, অ্যাজাজ প্যাটেল, কাইল জেমিসন, গ্লেন ফিলিপস।