তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হলেন আনোয়ার উল হক

পাকিস্তানে সংসদের সরকারি ও বিরোধীদলের ঐক্যমতের ভিত্তিতে বেলুচিস্তানের রাজনীতিবিদ ও সিনেটর আনোয়ার উল হক কাকারকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা তাকে প্রধানমন্ত্রী করার বিষয়ে ঐক্যমত দেন। পাকিস্তানের সংবিধানের ২২৪ ১-এ ধারার অধীনে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি অনুমোদন করেছেন।

আনোয়ার উল হক কাকার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ২০১৮ সালে সিনেটে নির্বাচিত হয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন তিনি। উচ্চকক্ষে নির্বাচিত হওয়ার আগে তিনি প্রাদেশিক সরকারের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে কাকার কিউ-লীগের টিকিটে কোয়েটা থেকে জাতীয় পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কাকার এখন নতুন মন্ত্রীসভা করবেন। নতুন সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশকে পরিচালনা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, প্রধানমন্ত্রী (শরীফ) এবং বিরোধীদলীয় নেতা যৌথভাবে পরামর্শে স্বাক্ষর করেছেন যা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। সংবিধান অনুযায়ী, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচনের তত্ত্বাবধান করে। যা সংসদের নিম্নকক্ষ ভেঙ্গে যাওয়ার ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে। যার অর্থ নভেম্বরের প্রথম দিকে ভোটগ্রহণ হবে দেশটিতে। পাকিস্তানে এবারের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আগের চেয়ে বেশি গুরুত্ব পাবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন ছাড়াও তাকে অর্থনৈতিক বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে কাজ করতে হবে।এছাড়া নির্বাচন কমিশনকে শতাধিক ফেডারেল ও প্রাদেশিক নির্বাচনী এলাকার জন্য নতুন সীমানা নির্ধারণ করতে হবে। তার ভিত্তিতে নির্বাচনের তারিখ দেবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *