রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বিভাগীয় প্রধানদের নিয়ে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” পাঠের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১১ টায় কলেজের বঙ্গবন্ধু কর্ণারে এ আয়োজন করা হয়।
এর আগে গতকাল (২৬ জুলাই) অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টির গুরুত্বারোপ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার চৌধুরী বলেন, “আগস্ট মাসব্যাপী আমাদের এই আয়োজন চলবে। এছাড়াও জাতীয় গ্রন্থ সংস্থার উদ্যোগে আগস্টের ৩ তারিখে ২৫০ জন শিক্ষার্থী নিয়ে অসমাপ্ত আত্মজীবনী পাঠের উদ্বোধন করা হবে। শিক্ষার্থীরা মাসব্যাপী এটি পাঠ করবে। এতে বিভাগীয় প্রধানদের এবং অন্যান্য শিক্ষকদের নিয়ে একটা মনিটরিং কমিটি গঠন করা হবে।”
তিনি আরও জানান, মাসব্যাপী শিক্ষার্থীদের অসমাপ্ত আত্মজীবনী পড়া শেষে আগস্টের শেষের দিকে জাতীয় গ্রন্থ সংস্থার মাধ্যমে শিক্ষার্থীদের একটা পরীক্ষা নেওয়া হবে এবং পরবর্তীতে সেপ্টেম্বরে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে পুরস্কারের আয়োজন হবে। যার পৃষ্ঠপোষক থাকবে জাতীয় গ্রন্থ সংস্থা।
এ সময় শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার চৌধুরীর তত্ত্ববধানে উক্ত পাঠের ভিডিও ধারণ করা হয়। যা আগস্ট মাসব্যাপী কলেজ ওয়েবসাইটে আপলোড করা হবে।