কারওয়ান বাজারে জামায়াতের বিক্ষোভ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে কারা নির্যাতনের প্রতিবাদ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। আজ রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজার ও এর আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিরঝিল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এই মিছিল।

সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মু. আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট জিল্লুর রহমান, কুতুব উদ্দিন, ইঞ্জিনিয়ার নোমান আহমেদী, ইউসুফ আলী মোল্লা ও ছাত্রনেতা সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম দাবি করেন, গণআন্দোলনে ভীত ও গণঅভ্যুত্থান ঠেকাতেই জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হচ্ছে। তিনি বলেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নতুন করে তামাশা ও ভাওতাবাজির নির্বাচন করার দিবাস্বপ্নে বিভোর। সে ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা নতুন করে বিরোধী দলের ওপর দমনপীড়ন শুরু করেছে।

এ সময় তিনি অপরাজনীতি ও অবৈধ ক্ষমতালিপ্সা পরিহার করে জামায়াত আমির, আল্লামা সাঈদী, মাওলানা শামসুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কারারুদ্ধ সব আলেম, রাজনৈতিক নেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *