প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে ষড়যন্ত্র করলেও বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাবে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার যুবলীগের মহাসমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন।
আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ মহাসমাবেশের উদ্বোধন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসমাবেশস্থলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান যুবলীগের নেতা-কর্মীরা। আজ বেলা পৌনে তিনটার দিকে তিনি মহাসমাবেশের উদ্বোধন করেন।
উদ্বোধনীতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন করা হয় দলীয় পতাকা। এ ছাড়া বেলুন ও পায়রা ওড়ানো হয়।
শেখ হাসিনা তাঁর বক্তৃতায় সরকারের নানা উন্নয়ন উদ্যোগের চিত্র তুলে ধরেন। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় উন্নয়ন নয়, শুধু লুটপাট করেছে। যাদের নেতা খুন ও অর্থ পাচার মালার সাজাপ্রাপ্ত, তাদের মুখে আওয়ামী লীগের সমালোচনা মানায় না।
দেশের আর্থিক পরিস্থিতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, রিজার্ভ জনগণের কল্যাণে ব্যয় করা হচ্ছে। দেশের টাকা দেশেই থাকছে। যারা বলেছিল দেশ শ্রীলঙ্কা হবে, তাদের মুখে ছাই পড়েছে।