নিত্যপণ্যের দাম বাড়ানো পরিকল্পিত : ডা. শফিকুর রহমান

দেশের বাজারে পরিকল্পিভাবে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, শুধুমাত্র বাজার সিন্ডিকেট এককভাবে দায়ী নয় বরং এর পেছনে রাজনৈতিক অপশক্তির হাত রয়েছে। কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারছে না। কারণ তারা যা বলতে চায় তা বলতে দেয়া হচ্ছে না।

রোববার (২০ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি, থানা কর্মপরিষদ-শূরা ও তদুর্ধ দায়িত্বশীলদের ভার্চুয়াল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলুম-নির্যাতন সহ্য করলেও সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই জনগণের ক্ষোভের মুখে সরকারকে একদিন ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। গণপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, দেশে মূল্যস্ফীতি এখন সকল সময়ের সীমা অতিক্রম করেছে। ফলে নিম্ন ও নিম্ন মধ্যবৃত্তের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। সরকারের কারণেই দেশে অবক্ষয়ের জয়জয়কার চলছে।

আমীরে জামায়াত বলেন, সরকার হারাম মদকে বৈধতা দিয়েছে। যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আবেগ-অনুভূতি, ধর্মীয়বোধ-বিশ্বাস, ঈমান-আকিদার পরিপন্থী ও রাষ্ট্রীয় সংবিধানের গুরুতর লঙ্ঘন।

দ্রব্যমূল্যের পরিকল্পিত ঊর্দ্ধগতি ও মদের উম্মুক্ত লাইসেন্সের প্রতিবাদে মহানগরীর প্রতিটি পাড়া-মহল্লায়, ওয়ার্ড ও থানায় সকলকে সোচ্চার প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।

অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

এ সময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা: ফখরুদ্দীন মানিক প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *