ইতিহাদ স্টেডিয়াম। ১০ এপ্রিল, বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিট। ম্যানচেস্টার সিটি বনাম লিভারপুল। এই একটি ম্যাচই হয়তো নির্ধারণ করে দেবে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের ভাগ্য । আর্সেনালের মাঠে গতকাল ২-০ গোলে লিভারপুলের জয় সিটি-লিভারপুল ম্যাচটার আবেদন আরও বাড়িয়ে দিয়েছে।
ইপিএল টেবিলে সিটি এবং লিভারপুলের ব্যবধান মাত্র ১ পয়েন্টের। মৌসুমের শুরু থেকে তো বটেই, গত মাস পর্যন্তও এপ্রিলে সিটি-লিভারপুল ম্যাচ যে এত বড় প্রভাবক হয়ে দাঁড়াবে, সেটি সম্ভবত কেউ ভাবেননি।গত ১৫ জানুয়ারিতেই তো চেলসিকে ১-০ গোলে হারানোর পর লিভারপুলের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে গিয়েছিল সিটি।
অবশ্য তখনো লিভারপুলের হাতে দুটি ম্যাচ বাড়তি ছিল। ৯ ফেব্রুয়ারি ব্রেন্টফোর্ডের বিপক্ষে সিটির জয়ের পরও লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিল সিটি। লিভারপুলের হাতে তখনো দুটি ম্যাচ বাড়তি ছিল।
কিন্তু থাকলেই তো হবে না, সেগুলোকে কাজে তো লাগাতে হবে! এখানেই দুই দল হেটেছে দুই পথে। বড়দিন আর নববর্ষের সময়টাতে টানা তিন ম্যাচে পয়েন্ট হারানো লিভারপুল পরের নয় ম্যাচ অপরাজিত থাকলেও পয়েন্ট খুইয়েছে সিটি।
এক সময় তাই ধারণা ছিল এই যে প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে প্রাণ ফেরাতে হলে সিটিকে মাঝেমধ্যে লিভারপুলের মতো পয়েন্ট হারাতে হবে, আর লিভারপুলকে ‘সিটি’ হতে হবে! আর হয়েছেও তাই। সিটিজেনদের দূর্বলতার সুযোগে তারা নিজেদের প্রমান করেছে এক অনবদ্য দল হিসেবে। আর তাতেই ১০ এপ্রিলের ম্যাচটিই যেন হয়ে উঠেছে এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণের এক অঘোষিত ফাইনালে।
এখন পালা শুধু অপেক্ষার, সময়ই বলে দেবে এবার কার হাতে উঠতে চলেছে শিরোপা।