প্রতিটি শিশুর জন্য নিরাপদ শৈশব নিশ্চিত করতে ‘দ্য ইয়ুথ রেজোনেন্স’-এর সচেতনতামূলক উদ্যোগ

পটুয়াখালী, বাংলাদেশ: বিশ্ব শিশুদের যৌন শোষণ, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং নিরাময় দিবস উপলক্ষে শিশুদের সুরক্ষা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে ‘দ্য ইয়ুথ রেজোনেন্স’।

১৮ নভেম্বর পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কল্যাণকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিশু সুরক্ষা, ব্যক্তিগত নিরাপত্তা এবং যৌন নির্যাতন ও সহিংসতা থেকে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়ে সচেতন করা হয়।

ক্যাম্পেইনে শিশুদের বয়স উপযোগী ও সহজ ভাষায় ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি, কোনো ব্যক্তি বা পরিস্থিতির কারণে অস্বস্তি কিংবা নিরাপত্তাহীনতা বোধ করলে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে এবং বিশ্বস্ত অভিভাবক, শিক্ষক কিংবা দায়িত্বশীল ব্যক্তির কাছে কীভাবে সাহায্য চাইতে হবে, সে বিষয়েও তাদের দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ উদ্যোগের প্রশংসা করেন এবং শিশুদের সচেতনতা ও সুরক্ষায় এমন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতেও বিদ্যালয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। শিশুদের ইতিবাচক বিকাশ ও ভালো কাজে উদ্বুদ্ধ করতে ‘দ্য ইয়ুথ রেজোনেন্স’-এর সঙ্গে ভবিষ্যতেও কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

‘দ্য ইয়ুথ রেজোনেন্স’ মনে করে, শিশুদের প্রতি যৌন শোষণ, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে শুধু সচেতনতা সৃষ্টি নয়, বরং শিশুদের নিজেদের সুরক্ষা সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও আনন্দময় শৈশব নিশ্চিত করার প্রত্যয়ে ভবিষ্যতেও শিশু অধিকার, সুরক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ‘দ্য ইয়ুথ রেজোনেন্স’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *