ছাত্রদল নেত্রী আয়াতকে ধর্ষণের হুমকির অভিযোগ, অভিযুক্ত মুন্নার ক্যাম্পাসে অবস্থান নিয়ে প্রশ্ন ছাত্রশিবির সভাপতির
প্রতিবেদক: তামিম আহমেদ
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেত্রী আয়াতকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত মুন্নার বিরুদ্ধে। এ ঘটনায় মুন্নার পরিচয় ও ক্যাম্পাসে তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের সভাপতি মিজবাহুল ইসলাম রিফাত।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেওয়া এক পোষ্টে মিজবাহুল ইসলাম রিফাত দাবি করেন, ছাত্রদল সভাপতি এক পোস্টে জানিয়েছেন, মুন্না বর্তমানে ছাত্রদলের কোনো পদে বা কার্যক্রমে যুক্ত নন।
তবে মুন্নাসহ মোট আটজন শিক্ষার্থীকে এর আগে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হল থেকে ট্রান্সফার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, রাকিব নামে এক শিক্ষার্থীকে কক্ষে নিয়ে উলঙ্গ করে নির্যাতনের ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
রিফাত আরও বলেন, “এইসব অপকর্ম ছেলেগুলো নতুন করছে না।” তার প্রশ্ন, মুন্না যদি বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী না হয়ে থাকেন, তাহলে তিনি কীভাবে ক্যাম্পাসের হলে অবস্থান করতেন এবং কার আশ্রয়-প্রশ্রয়ে হলে থাকতেন।
তিনি অভিযোগ করেন, ছাত্রদলের আশ্রয়ে মুন্না হলে থাকতেন এবং হলের কক্ষে বসে মাদক সেবনের দৃশ্য ভিডিওতে দেখা গেছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে হল কর্তৃপক্ষ ও ক্যাম্পাস প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
মিজবাহুল ইসলাম রিফাত বলেন, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে মুন্নার ক্যাম্পাস ও হলে অবস্থানের বিষয়টি এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন।