ঢাকা পলিটেকনিকে ছাত্রদল নেত্রীকে শ্লীলতাহানির হুমকি: ২ ছাত্র আজীবনের জন্য ছাত্রাবাস থেকে বহিষ্কার

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল নেত্রীকে শ্লীলতাহানির হুমকি: ২ ছাত্র আজীবনের জন্য ছাত্রাবাস থেকে বহিষ্কার

প্রতিবেদক: তামিম আহমেদ

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর এক নারী শিক্ষার্থীকে নিয়ে অশালীন মন্তব্য ও শ্লীলতাহানির হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসের (পশ্চিম শাখা) তত্ত্বাবধায়ক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) বিকেল আনুমানিক সাড়ে ৪টায় ইনস্টিটিউটের এক নারী শিক্ষার্থীকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং শ্লীলতাহানির হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিও প্রকাশের ফলে ওই নারী শিক্ষার্থীসহ ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশক্রমে অভিযুক্ত দুই শিক্ষার্থীর ছাত্রাবাসের আবাসিক সিট বাতিলসহ তাঁদেরকে আজীবনের জন্য লতিফ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে ১৭ সেপ্টেম্বর রাত ৯টার মধ্যে তাঁদেরকে ছাত্রাবাস ত্যাগের কঠোর নির্দেশ দেওয়া হয়।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন:
১. জামিল হাসান সিয়াম: আর্কিটেকচার বিভাগ (৩য় পর্ব/২য় শিফট)। সে লতিফ ছাত্রাবাসের (পশ্চিম শাখা) ৩১০ নং কক্ষের আবাসিক ছাত্র ছিল।
২. মো. হাবিবুল ইসলাম: সিভিল বিভাগ (৫ম পর্ব/২য় শিফট)।

পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই বিজ্ঞপ্তির অনুলিপি ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সংশ্লিষ্ট বিভাগের প্রধানগণ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।

ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের সুস্থ পরিবেশ বজায় রাখতে এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নারী শিক্ষার্থীদের হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *