মারা গেছেন মুক্তিযুদ্ধের ছবি তোলা কিংবদন্তি ফটোগ্রাফার রঘু রাই

ফাদার অব ইন্ডিয়ান ফটোগ্রাফি নামে পরিচিত কিংবদন্তি আলোকচিত্রী এবং চিত্র সাংবাদিক রঘু রাই (রঘুনাথ রায় চৌধুরী) মারা গেছেন। মুক্তিযুদ্ধের সময়ে তোলা তার ছবিগুলো বিশ্বব্যাপী বাংলাদেশের পক্ষে জনমত তৈরি করতে সাহায্য করেছিলো।

আজ রোববার (২৬ এপ্রিল) ৮৩ বছর বয়সে মারা গেছেন তিনি। তার ছেলে নিতিন রাই জানিয়েছেন, প্রায় দুই বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।

রঘু রাই ১৯৪২ সালের ১৮ ডিসেম্বর ঝাং-এ (বর্তমানে পাকিস্তানে) জন্মগ্রহণ করেন। তিনি শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই অন্যতম শ্রদ্ধেয় আলোকচিত্রী হয়ে ওঠেন তার তোলা ফটোগ্রাফির জন্য। তার কর্মজীবন শুরু হয় ১৯৬০ এর দশকের মাঝামাঝিতে। ১৯৬৫ সালে যোগ দেন ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার স্টাফ ফটোগ্রাফার হিসেবে। ১৯৭৬ সালে সেটি ছেড়ে কিছুদিন করেন ফ্রিল্যান্সিং ফটোগ্রাফি। এরপর ১৯৮২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ছিলেন ‘ইন্ডিয়া টুডে’-এর ফটোগ্রাফি পরিচালক হিসেবে।

১৯৭১ সালে কিংবদন্তি ফটোগ্রাফার অঁরি কার্তিয়ে ব্রেসোঁর নজরে তার কাজ আসে, যিনি পরবর্তীতে রাইকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফটোগ্রাফার সমবায় প্রতিষ্ঠান ম্যাগনাম ফটোজ-এর জন্য মনোনীত করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে তোলা ছবিগুলো বাংলাদেশের ইতিহাসেরও অমূল্য সম্পদ।

রাইয়ের আলোকচিত্রকে প্রায়শই আধুনিক ভারতের এক ‘দৃশ্যমান দলিল’ হিসেবে বর্ণনা করা হয়। ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ শিল্প বিপর্যয়, ভোপাল গ্যাস ট্র্যাজেডির পর মর্মস্পর্শী কিছু ছবি তুলেছিলেন তিনি। একই সময়ে, তিনি মাদার তেরেসা ও ইন্দিরা গান্ধীর মতো সুপরিচিত ব্যক্তিত্বদেরও কাছ থেকে ব্যক্তিগত ছবি তুলেছিলেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর প্রশংসনীয় কাজের জন্য ১৯৭২ সালে ভারত সরকারের বেসামরিক পুরস্কার পান তিনি। ১৯৯২ সালে সেরা ফটোগ্রাফার হিসেবে পান যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার। ভারত সরকারের তথা ও সম্প্রচার মন্ত্রণালয়ের লাইফটাইম অ্যাচিভমেন্ট একাডেমি পান ২০১৭ সালে। এছাড়াও অনেক সম্মানে ভূষিত হন এই কিংবদন্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *